হঠাৎ নাটোর-রাজশাহী রুটের বাস চলাচল বন্ধ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১২:৩১

হঠাৎ করেই নাটোর ও রাজশাহী রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন স্থান থেকে উত্তরবঙ্গে আসা যাত্রীরা।

পরিবহন শ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে রোববার (১৫ অক্টোবর) সকাল থেকে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক-শ্রমিকরা।

শ্রমিক নেতারা জানান, তিনদিন আগে নাটোর মালিকের রাজকীয় পরিবহনের কর্মচারীকে রাজশাহীতে মারধর করে সেখানকার মালিকের দ্বীপ পরিবহনের শ্রমিকরা। এর জেরে শনিবার দ্বীপ পরিবহনের কর্মচারীকে নাটোরে মারধর করে নাটোরের শ্রমিকরা। এ ঘটনায় নিরাপত্তার আশঙ্কায় রোববার সকাল থেকে দুই জেলায় নিজেদের বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। সমাধান হলে দ্রুত এই রুটে আবারও বাস চলাচল শুরু হবে।

নাটোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে দূরপাল্লার সব ধরনের বাস চলাচলে স্বাভাবিক রয়েছে।’

ইত্তেফাক/এইচএ