গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৩০০

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৩:৫৫

টানা নয়দিন ইসরায়েলি সেনাবাহিনী ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে চলছে তুমুল লড়াই।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। সেই সঙ্গে ইসরায়েলের সীমান্ত ভেদ করে হামাসের যোদ্ধারা গণহত্যা চালায়। এর জেরে সেই দিন থেকে গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

আজ রবিবার (১৫ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৮০০ জন। হতাহতের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা গাজায় স্থল, বিমান ও নৌ হামলার পরিকল্পনা করছে। তবে কখন এই হামলা শুরু করবে সে সম্পর্কে তারা কোনো সুনির্দিষ্ট সময়সীমা জানায়নি।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হামাসকে কড়া ভাষায় হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তিনি বলেন, হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরবর্তী ধাপ আসছে।

ইত্তেফাক/এইচএ