বিশ্বরেকর্ড গড়লো ভারত–পাকিস্তান ম্যাচ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ২২:০৪

চলতি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ দেখতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এক লাখের বেশি দর্শক। তবে সরাসরি খেলা দেখার চেয়ে কয়েকশ গুণ বেশি দর্শক ছিলেন টেলিভিশন ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের পর্দায়। স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের মতে, দর্শকের দিক দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত–পাকিস্তান ম্যাচ।

শনিবার (১৪ অক্টোবর) ভারত–পাকিস্তান ম্যাচ শেষে ডিজনি প্লাস হটস্টারের ইনস্টাগ্রাম ও টুইটার মাধ্যমে একটি পোস্ট করা হয়। 

বৃহত্তম ম্যাচকে বিশালতায় রূপ দেওয়ায় ধন্যবাদ’ জানিয়ে পোস্টটিতে লেখা হয়, ‘বিশ্ব রেকর্ড। এ যাবৎকালের সর্বোচ্চ সরাসরি যুগপৎ দর্শক। ৩.৫ কোটি। 

এই পোস্টের ক্যাপশনে বলা হয়, যেকোনো আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ দর্শকদের দিক থেকে নতুন বিশ্ব রেকর্ড হয়েছে।

এর আগে সর্বশেষ এশিয়া কাপে ভারত-পাক ম্যাচে দর্শকসংখ্যা হয়েছিল সর্বোচ্চ ২.৮ কোটি। পরে টুর্নামেন্টের ফাইনালে ভারত-শ্রীলঙ্কার ম্যাচে দর্শকসংখ্যা উঠেছিল ২.১ কোটি পর্যন্ত। এর আগে আইপিএল চলাকালীন ধোনির ব্যাটিং দেখতে ২.২ কোটি দর্শক একসঙ্গে চোখ রেখেছিলেন জিওসিনেমায়। শনিবার রোহিতের ব্যাটিং সেই রেকর্ড স্বচ্ছন্দে ভেঙে দিলো।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে ভারতে আইসিসির অফিশিয়াল সম্প্রচার প্রতিষ্ঠান স্টার স্পোর্টস নেটওয়ার্ক। আর অফিশিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ওয়াল্ট ডিজনির ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার। 

ইত্তেফাক/এবি