খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ৭৩ জন শিক্ষকের নিয়োগসংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকো গতকাল রবিবার শিক্ষক সমিতির সাধারণ সভায় আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ডিন ও বিভাগীয় অফিসের কাজ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, খুকৃবির ৭৩ জন শিক্ষকের নিয়োগসংক্রান্ত জটিলতা নিরসনসহ বিশ্ববিদ্যালয়ের ৩৯ জন শিক্ষকের প্রমোশন নিশ্চিত করা ও তাদের অর্থনৈতিক ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য শিক্ষকরা গত ৭ অক্টোবর মানববন্ধন থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন। তারপর থেকে এখন পর্যন্ত স্থগিত রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা। গত বছরের ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৭৩ জন শিক্ষকের নিয়োগ বাতিলের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়, যা পরে একটি বিশেষ কমিটির মাধ্যমে পুনর্মূল্যায়ন করা হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আশিকুল আলম বলেন, পুনর্মূল্যায়ন কমিটি ৭৩ জনের ফাইল ও নিয়োগের বৈধতা যাচাই করেছে। দুই মাস ধরে প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পড়ে রয়েছে। যার ফলে আমরা প্রতিনিয়ত সামাজিকভাবে হেয়প্রতিপন্নসহ হতাশায় ভুগছি। অবিলম্বে শিক্ষকদের সমস্যা নিরসনের জন্য দাবি জানাচ্ছি।
খুকৃবি শিক্ষক সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান জানান, সমস্যার প্রেক্ষিতে দীর্ঘ ১১ মাস স্থগিত রয়েছে বিশ্ববিদ্যালয়ের ৩৯ জন প্রভাষকের পর্যায়োন্নয়ন। কয়েক জন ব্যক্তি এই জটিলতা সৃষ্টির জন্য দায়ী। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা আমাদের এই সমস্যাটাকে খুব একটা আমলে নিচ্ছেন না।
