বল হাতে উইকেট না পেলেও ইংল্যান্ডের পেসার স্যাম কারেন উঠে এসেছেন আলোচনায়। ক্যামেরাম্যানকে ধাক্কা মেরে জন্ম দিয়েছেন বিতর্কের। ঘটনাটি ঘটেছে গতকাল দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে, ইংল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচে।
আসলে ২৫ বছর বয়সি কারেন হতাশা এবং বিরক্তি থেকেই কাণ্ডটা ঘটিয়ে ফেলেছেন। প্রথমে ব্যাট করা আফগানদের বিপক্ষে বল হাতে উইকেট নিতে ব্যর্থ হন তিনি। উলটো রান দিতে হয়েছে দেদার। মাত্র ৪ ওভার বোলিং করেই তিনি দিয়েছেন ৪৬ রান। স্বাভাবিকভাবেই নিজের পারফরম্যান্সে প্রচণ্ড হতাশ ছিলেন তিনি। তার ওপর তার দলও চাপে ছিল। এমন অবস্থায় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন স্যাম কারেন। ফলে ফিল্ডিংয়ের ফাঁকে ফাঁকে বাউন্ডারি লাইনের কাছ দিয়েই পায়চারি করছিলেন তিনি।
দারুণ এই সুযোগটা লুফে নিতে মরিয়া হয়ে উঠেন এক ক্যামেরাম্যান। তিনি রীতিমতো স্যাম কারেনের ঘাড়ের ওপর এসে ছবি ও ভিডিও করার কাজে নেমে পড়েন। ক্যামেরাম্যান তো নিজের কাজটা নিজের পছন্দমতোই করছিলেন। কিন্তু প্রচণ্ড হতাশায় থাকা স্যাম কারেনের তা একদমই পছন্দ হয়নি। বরং ক্যামেরাম্যানের ওপর প্রচণ্ড বিরক্ত হন তিনি। তারই বহিঃপ্রকাশ ঘটনা ঐ ক্যামেরাম্যানকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে!
শুধু গতকালের ম্যাচে নয়, ভারত বিশ্বকাপটিই হতাশার মধ্যদিয়ে যাচ্ছে তার। আফগানিস্তানের ম্যাচসহ এরই মধ্যে এবারের বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলে ফেললেন। সেই তিন ম্যাচে কি না তিনি নিয়েছেন মাত্র ২ উইকেট। অথচ ইংল্যান্ডের ২৫ বছর বয়সি তরুণ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় নায়ক ছিলেন। দেশ ইংল্যান্ডকে শিরোপা জেতানোর পথে বল ও ব্যাট হাতে রেখেছিলেন বড় ভূমিকা।
