‘রোজ কি এক তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে?’

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১২:২৯

অন্তরা নামটা মনে আছে? এভাবে না বলে যদি বলি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্তরা, তাহলে এক বাক্যেই তাকে চিনে যাবে সকলেই। জনপ্রিয় এই ধারাবাহিকে অভিনয়ের পর থেকে দর্শকের কাছে এই নামেই বেশি পরিচিতি তিনি। তারকা এই অভিনেত্রীর আসল নাম ফারিয়া শাহরিন।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব থাকেন ফারিয়া। ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজের ছবি। সঙ্গে কথা বলেন সমাজের বিভিন্ন ইস্যুতে। এরই ধারাবাহিকতায় এবার স্ট্যাটাস দিলেন নায়িকাদের সংসার না টেকার পেছনের কারণ জানিয়ে। আর এটি তার ব্যক্তিগত মতামত।

রোববার (১৫ অক্টোবর) ফেসবুকে তিনি লেখেন, ‘আজকে সারাদিন ভাবলাম নায়িকাদের কেনো সংসার টেকে না। আমি আমার মতামত দিচ্ছি কারও দুঃখ লাগলে প্লিজ মাফ করবেন।’ এরপরই তিনি জানালেন নায়িকাদের নিয়ে পুরুষদের ভাবনা। ফারিয়া বলেন, ‘নায়িকারা হলো স্বপ্নের মানুষ, স্বপ্নে তার সাথে হাত ধরে ঘোরা যায়, লুতুপুতু প্রেম করা যায়, রোমান্স করা যায়, তার কথা ভাবতে ভাবতে আরও অনেক কিছুই পুরুষরা করে; ওইটা আর নাইবা বললাম, থাক।’

এই স্বপ্নের মানুষরা পরে কেনো অপছন্দের হয়? সে কথা জানাতে গিয়ে তিনি লেখেন, ‘কিন্তু ওই নায়িকাকে যখন দেখবেন বাসায় ছেঁড়া গেঞ্জি পরে রান্না করছে, মেকআপ ছাড়া বুয়ার মতো মাথায় তেল দিয়ে বাসা ঝাড়ু দিচ্ছে, দাঁত মাজছে, পেত্নীর মতো দুই পা ঝুলিয়ে মোবাইল টিপছে আর খাচ্ছে। ওই নায়িকা তখন আর স্বপ্নের নায়িকা থাকে না, বাস্তবের জরিনা হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘মেকআপসহ টিভিতে, টিকটকে, সোশ্যাল মিডিয়াতে দেখা কোনো নায়িকা এতো লুতুপুতু সুন্দরী না। খুব কম নায়িকা আছে, যে ন্যাচারালি সুন্দর। আর রোজ কি এক তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে? তাই নায়িকারা ওই মোবাইল আর টিভির জগতে থাকলে সুন্দর। বাস্তবে শাকচুন্নি হওয়া থেকে স্বপ্নের অপ্সরি হয়েই বেঁচে থাকলে বরং ভালো।’

 

 

ইত্তেফাক/এএম