দিনাজপুরের বিরামপুরে পরীক্ষা দিয়ে ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় সাফিন হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। সাফিন হোসেন বিজুল মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার দিওর পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র সাফিন বিরামপুর উপজেলার দিওর গ্রামের শাহিনুর রহমানের ছেলে।
জানা যায়, নিহত সাফিন মামার মোটরসাইকেল নিয়ে পরীক্ষা দিতে যায়। ফেরার পথে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
