কুড়িগ্রাম পৌর শহরের একটি পুকুর থেকে মাহমুদুল ফেরদৌস মামুন (২৬) নামের এক বিএসসি ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক রাজারহাট উপজেলার ছিনাইহাট গ্রামের অবসপ্রাপ্ত প্রধান শিক্ষক ছবরুল হকের দ্বিতীয় ছেলে।
সোমবার (১৬ অক্টোবর) বিকালে পৌর শহরের বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস অফিসের পেছনের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত মামুন ঢাকার একটি বেসরকারি বিশ্বিবদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছে। ৯ অক্টোবর নিখোঁজ হয়। ওইদিন মামুন তার বড় ভাই মাহবুবুল ফেরদৌস রতনকে সন্ধ্যা ৬টার দিকে মোবাইল ফোনে জানায় তাকে কয়েকজন আটকে রেখে ৫ হাজার টাকা দাবি করছে। নিহতের বড় ভাই অফিসের মিটিং-এ থাকায় টাকা পাঠাতে পারেনি। পরে টাকা পাঠানোর জন্য তার (মামুন) সঙ্গে যোগাযোগ করতে চাইলে, আর যোগাযোগ করতে পারেনি।
পরে জিডির সূত্র ধরে পুলিশ রোববার (১৫ অক্টোবর) রাতে ৩ জনকে আটক করলে একটি মামলা রুজু হয়।
আটককৃতদের সূত্র ধরে পুলিশ ও পরিবার জানতে পারে আরডিআরএস অফিস সংলগ্ন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে ৯ অক্টোবর সন্ধ্যায় মামুনসহ কয়েকজনের ধস্তাধস্তি হয়। দৌড়ে সবাই আরডিআরএস অফিসের ভেতরে প্রবেশ করে। পুলিশ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পাশে মামুনের ছেঁড়া কালো গেঞ্জি পায়। এরপর আরডিআরএস এর পেছনের পুকুরে গিয়ে ভাসমান ফুলে ফেঁপে ওঠা লাশ খুঁজে পায় পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন জানায়, নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে ৯ অক্টোবর রাজারহাট থানায় নিখোঁজ জিডি করা হয়েছিল। তার প্রেক্ষিতে অনুসন্ধান চালিয়ে গতরাতে ৩ জন আটক করি এবং থানায় মামলা রেকর্ড হয়। সোমবার (১৬ অক্টোবর) আমরা নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করি। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
