মদনে বিষে মারা গেল ১ হাজার ৪০০ হাঁস

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০২:০০

নেত্রকোনার মদনে খাবারে বিষ মিশিয়ে একটি খামারের ১ হাজার ৪০০ হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে নেত্রকোনার মদন উপজেলার শাহাপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, শাহাপুর পূর্বপাড়া গ্রামের বুলবুল ইসলাম ও আরজু মিয়া। উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে গত এক মাস আগে ১ হাজার ৪৫০টি হাঁসের বাচ্চা নিয়ে একটি খামার করেন। হাওরে আমন ফসল রোপণ হওয়ায় নিজ বাড়ির সামনে জালের বেড়া দিয়ে ফাঁকা জায়গায় হাঁসগুলো লালনপালন করেন। তবে পূর্বশত্রুতার জেরে স্থানীয় দুই জন তাদের খামারে বিষমিশ্রিত খাবার দেয় বলে খামারের মালিকরা অভিযোগ করেছেন। আর সেই খাবার খেয়ে খামারের ১ হাজার ৪০০ হাঁস মারা গেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাইরান ইকবাল বলেন, ‘আরজু মিয়া ও বুলবুল ইসলাম আমার অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে হাঁসের খামার করেছেন। তাদের খামারের ১ হাজার ৪০০ হাঁস মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ল্যাব টেস্ট করার জন্য মারা যাওয়া হাঁসের স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তাওহীদুর রহমান বলেন, ‘খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী) সার্কেল স্যারকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/এমএএম