বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা, বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে অনেক নিয়ম পরিবর্তন করেছে। বিশেষ করে সব দেশ চাইলেই অনেক ম্যাচ খেলে উঠে আসবে, সেই সুযোগ নেই। এখন বাংলাদেশের মতো পিছিয়ে থাকা ফুটবল শক্তির দেশগুলোর জন্য বিশ্বকাপ বাছাইয়ের প্রক্রিয়া অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। প্লেঅফ ম্যাচের ব্যবস্থা করেছে। এক জিতলে আরেক ম্যাচ পাবে। আরেক ম্যাচ জিতলে আরেক ধাপে উঠবে। বাছাইয়ের প্রতিটা ধাপ এখন অনেক কঠিন হয়ে গেছে। একাধিক সুযোগ নেই। একটা সুযোগ নষ্ট হয়ে গেলে আরেকটা সুযোগ পাবেন—এটা হবে না।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে অনেকে দেশের মতোই বাংলাদেশ পেয়েছে এক ম্যাচ। সেটা মালদ্বীপের বিপক্ষে। এই ম্যাচ পার হতে পারলে আরেকটা ধাপে উঠবে। বিশ্বকাপ বাছাইয়ের খেলাগুলো কঠিন থেকে কঠিনতর হয়ে গেছে। বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। সেই ম্যাচ হয়েছে মালেতে, বিপক্ষে বৃস্পতিবার। আজ জামাল ভূঁইয়াদের হোম ম্যাচ।
এই ম্যাচই গুরুত্বপূর্ণ। জিততেই হবে। বাফুফে পরিকল্পনা করে রেখেছে তারা অস্ট্রেলিয়া যাবে। প্রথম ম্যাচ সেখানে, ১৭ নভেম্বর। আজ জিতলে বিশ্বকাপ বাছাইয়ের আরেক ধাপ, গ্রুপ পর্বে উঠবে বাংলাদেশ। যেখানে প্রস্তুত অস্ট্রেলিয়া, লেবানন এবং ফিলিস্তিন। তিন প্রতিপক্ষের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়া, লেবানন এবং ফিলিস্তিন আসবে বাংলাদেশে। গ্রুপ পর্বে কী হবে সেটি আরো দূরে। সেই গল্পে না গিয়ে বাংলাদেশ এখনকার পরিস্থিতি সামাল দিতে চায়। কারণ আজ হেরে গেলে বাংলাদেশ আর ফিফার ম্যাচ পাবে না, আগামী ২০২৭ সাল পর্যন্ত। আজকে হেরে গেলেও একটা সুযোগ অবশ্য থাকবে। সেটি হচ্ছে এএফসি কাপের বাছাইয়ে প্লেঅফ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানেও একটা ম্যাচই পাবে। যদি দুই ম্যাচ মিলিয়ে উতরে যায় তাহলে এএফসি কাপের বাছাইয়ে খেলার যোগ্যতা অর্জন করবে। আর যদি আজ মালদ্বীপকে হারায় তাহলে এএফসি কাপের প্লেঅফের খেলাও খেলতে হবে না। বাছাইয়ে খেলার সুযোগ পেয়ে যাবে। মোটা দাগে বলতে গেলে আজকের ম্যাচটা দেশের ফুটবলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ফুটবলের ভাগ্য নির্ধারণের ম্যাচ আজ।
ফিফা কঠিন যে নিয়মটি করেছে, তা হলো বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচটির হিসাব হচ্ছে না। সেখানে ড্র (১-১) হয়েছে। বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচে গোল করেছে। অ্যাওয়ে ম্যাচের গোলের ওজনটা বেশি-ই হয়। আগের নিয়ম থাকলে আজ ড্র হলেই চলত। কিন্তু ফিফা সেই নিয়ম বাদ দিয়ে নতুন ধারা তৈরি করেছে। জয়-পরাজয় নিশ্চিত করতে হবে। এখন মালদ্বীপ এবং বাংলাদেশের সামনে সোজা হিসাব—জিততে হবে। বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচ শুরু হবে আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে।
