গত শুক্রবার (১৩ অক্টোবর) সারা দেশের রেকর্ড ১৫৩ টি হলে মুক্তি পেয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। অনেকদিন ধরেই কোনো সিনেমা এত হল পায়নি। গত দুই ঈদে শাকিব খানের সিনেমা বেশি হল পেলেও তা ছিল ১০০ এর চেয়ে একটু বেশি। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর এই সিনেমা যেন তুড়ি মেরে উড়িয়ে দিলো সেই হলের সংখ্যা।
শুধু তাই নয়, মুক্তির দুইদিন পর দর্শক আগ্রহ থাকায় আরও ৮টি হল বৃদ্ধি পেল। এখন ১৬১ হলে চলছে আরিফিন শুভ অভিনীত সিনেমাটি। সিনেমাটির প্রযোজনায় থাকা জাজ মাল্টিমিডিয়া তাদের ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছে।
এই সিনেমার পরিচালনায় ছিল বায়োপিক নির্মাণের জন্য পরিচিত ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমাটি দেখে মুগ্ধ দর্শক ও। তাই ত সিনেমা হলগুলোয় বাড়ছে এই সিনেমা দেখার ভিড়। সাধারণ দর্শকের পাশাপাশি নির্মাতা, অভিনেতা, অভিনেত্রীরাও হলে গিয়ে সিনেমা দেখছেন। মুক্তির প্রথম দিন ৯৭ শতাংশ হাউসফুল ছিল সিনেমাটির।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।
২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।আগামী ২৭ অক্টোবর হিন্দি ভাষায় ভারতে মুক্তি পাবে সিনেমাটি।

