টরন্টোতে দিনব্যাপী তিন বাংলা সিনেমা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৬:১১

টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টভ্যালের পর এখন টরন্টোতে চলছে দক্ষিন এশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩-এর ১২তম আসর। ১১ দিনব্যাপী এই উৎসব উৎসব মিসিসিসাগগা সিভিল সেন্টারে শুরু হয়েছে ১২ অক্টোবর। জমকালো চোখধাঁধানো গালা নাইট এবং রেড কার্পেট রিসেপশনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছেন উদ্বোধনী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক।

এই চলচ্চিত্র উৎসবের ৪র্থ দিন (১৫ অক্টোবর) ছিল বাংলা সিনেমাময়। এদিন সিনেপ্লেক্স সিনেমার স্কারবোরোর এগলিন্টন টাউন সেন্টারের থিয়েটারে প্রদর্শিত হয়েছে তিনটি বাংলা সিনেমা। ইন্দ্রাসিস আচারিয়ার ‘নীহারিকা’, নুহাশ হুমায়নের ‘পেটকাটা ষ’ এবং ফুয়াদ চৌধুরী পরিচালিত ‘মেঘনা কন্যা’।

সিনেমা তিনটি উপভোগ করেছেন হলভর্তি দর্শক। ‘মেঘনা কন্যার’ অন্যতম প্রযোজক আনোয়ার আজাদ ইত্তেফাককে বলেন, ‘আমরা একযুগ ধরে একটু একটু করে কাজ করে আজ এই পর্যায়ে এসেছি। আগামীতে আমাদের আরো অনেক পরিকল্পনা আছে। আমাদের প্রচেষ্টার ফলেই বিদেশ-বিভূঁইয়ে আজ হলভর্তি বাংলা সিনেমার দর্শক।

‘মেঘনা কন্যা’ সিনেমার পরিচালক ফুয়াদ চৌধুরী ইত্তেফাককে বলেন, ‘‘মেঘনা কন্যা’ একটি সামাজিক, বাণিজ্যিক সিনেমা। যাতে একটি কাহিনী রয়েছে। সে কাহিনীর মাধ্যমে নারীপাচারের চিত্র উপস্থাপিত হয়েছে। যা দালাল ফজলুল রহমান বাবুর ভাষ্য- এটা নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা।’ 

এই উৎসবে প্রদর্শিত হবে ১২০টি সিনেমা। এই সিনেমাগুলো থেকে উৎসবের শেষ দিন ২২ অক্টোবর সেরা পরিচালক, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা শর্ট ফিল্ম, সেরা ফিচার ফিল্মসহ বিন্নি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।

ইত্তেফাক/এএম