নওগাঁয় কোনো রুটে বাস চলছে না। মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে জেলাটিতে বাস-অটোরিকশা শ্রমিক-মালিকদের দ্বন্দ্ব ক্রমবর্ধমান রূপ নিয়েছে। এরই জেরে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বাস মালিক-শ্রমিক যৌথ পরিষদ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ছয়টা থেকে নওগাঁ থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট-রাজশাহীসহ আন্তঃজেলা ও জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
বাস ও অটোরিকশা শ্রমিকরা জানিয়েছেন, সোমবার বিকেলে নওগাঁর মান্দায় ফেরিঘাট এলাকায় মহাসড়কে সিএনজি অটোরিকশা চালাতে বাধা দেওয়া হয়। একে কেন্দ্র করে বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনার পর সোমবার সন্ধ্যায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাস স্টান্ডে সিএনজির রেজিস্ট্রেশন দেওয়া, বাস মালিক গ্রুপের লাঠিয়াল বাহিনী রাস্তা থেকে প্রত্যাহার ও সিএনজিচালককে মারধরের প্রতিবাদে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও মালিকরা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। এর জেরে বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে মঙ্গলবার সকাল ছয়টা থেকে বাস ধর্মঘটের ডাক দেন সাধারণ বাস মালিক-শ্রমিকরা।

