শাহিনকে বুমরাহর ছাত্র হতে বললেন ওয়াকার

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৯:৩৬

শাহিন শাহ আফ্রিদি কি স্বদেশি কিংবদন্তি ওয়াকার ইউনুসের পরামর্শটা রাখবেন? তিনি যদি ওয়াকারের পরামর্শ-উপদেশটা রাখতে চানও, তাহলে জশপ্রিত বুমরাহ কি এই বিশ্বকাপ ব্যস্ততার মধ্যে তাকে ছাত্র বানাতে রাজি হবেন? শাহিন আফ্রিদি ওয়াকারের পরামর্শ রাখবেন কি না, তা বুমরাহ তাকে ছাত্র বানাতে রাজি হবেন কি না—সেটা অন্য বিষয়। তবে ওয়াকার ইউনুস পরিষ্কার ভাষায় উত্তরসূরি শাহিন আফ্রিদিকে উপদেশ দিয়েছেন বুমরাহর ক্লাসে ভর্তি হওয়ার। পরামর্শ দিয়েছেন বুমরাহর বোলিংকে নকল করতে! মানে বুমরাহ যেভাবে বল করে উইকেট সাফল্য পাচ্ছেন, শাহিন আফ্রিদিকেও সেভাবেই বল করার উপদেশ ওয়াকার ইউনুসের।

চোটের কারণে পাকিস্তানের অন্যতম সেরা পেসার নাসিম শাহ বিশ্বকাপ দলে নেই। নাসিমের অনুপস্থিতিতে শাহিন শাহ আফ্রিদিই পাকিস্তানের বোলিং আক্রমণের নেতা। প্রমাণিত সৈনিক হিসেবে তাকে ঘিরে পাকিস্তানিদের প্রত্যাশাও ছিল তুঙ্গে। কিন্তু শহিদ আফ্রিদির জামাতা শাহিন শাহ আফ্রিদি এখনো পর্যন্ত ভারতের মাটির বিশ্বকাপে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তিন ম্যাচে তিনি নিয়েছেন মাত্র ৪ উইকেট।

ওদিকে এবারের বিশ্বকাপে (গতকালের দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচের আগ পর্যন্ত) এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেট-শিকারি ভারতের জশপ্রিত বুমরাহ। তিন ম্যাচে বুমরাহর শিকার শাহিন আফ্রিদির দ্বিগুণ। বুমরাহর সমান ৮ উইকেট করে নিয়েছেন নিউজিল্যান্ডের দুই জনও—স্পিনার সান্তানার ও পেসার ম্যাট হেনরি। তবে কম বোলিং এবং কম রান খরচার কারণে বুমরাহই সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার এক নম্বরে।

উইকেট পাওয়ার জন্য শাহিন আফ্রিদিও চেষ্টা করছেন। কিন্তু তিনি সেই চেষ্টার পালায় বেশির ভাগ সময়ই ইয়র্কার দিচ্ছেন। কিন্তু তার ইয়র্কার কার্যকর হচ্ছে না। প্রতিপক্ষ ব্যাটসম্যানেরা অনায়াসেই তার ইয়র্কারগুলো ব্লক করছেন। বিশ্বকাপের ম্যাচে ধারাভাষ্য কাজে ব্যস্ত থাকা ওয়াকার ইউনুস মনে করেন, শাহিন আফ্রিদির বোলিং টেকনিক প্রতিপক্ষ ব্যাটসম্যানরা বুঝে ফেলেছে। তাই তিনি সাফল্য পাচ্ছেন না। ওয়াকার খোলাসা করেই বলেছেন, ‘প্রতিপক্ষ ব্যাটাররা বুঝে গেছে যে, শাহিন ইয়র্কার দেওয়ার চেষ্টা করবেন। ফলে তারাও তৈরি থাকছেন। শাহিনের সমস্যাটাও হচ্ছে সেখানেই। আর তার ফল ভোগ করতে হচ্ছে পাকিস্তান দলকে।’

তাহলে উপায়? শাহিন আফ্রিদি কীভাবে এই সমস্যা থেকে নিজের উত্তরণ ঘটাতে পারেন? উত্তরটা বাতলে দিয়েছেন ওয়াকারই। বলেছেন, শাহিনের উচিত বুমরাহকে নকল করা, ‘খেয়াল করলে দেখবেন, বুমরাহ একটি নির্দিষ্ট লাইন-লেন্থে বল করছে। প্রতিটি ডেলিভারি উইকেটে থাকছে। ফলে ব্যাটসম্যানরা ভুল করলেই উইকেট পাচ্ছেন বুমরাহ। আমি মনে করি, শাহিনকেও সেটাই করতে হবে। খুব বেশি বৈচিত্র্য দেখাতে গেলে স্বাভাবিক বোলিংয়ে সমস্যা হয়। বুমরাহকে নকল করলেই কেবল শাহিন উইকেট পেতে সফল হবে।’ দেখা যাক শাহিন কী করেন!

ইত্তেফাক/এএম