জঙ্গি হানায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মৃত্যু হলো সুইডেনের দুই ফুটবল সমর্থকের। এক জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় ঘটেছে এ ঘটনা।
ব্রাসেলসের হেইসেল স্টেডিয়ামে ইউরো কাপের বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইডেন ও বেলজিয়াম। খেলা চলাকালীন ব্রাসেলস থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এক জঙ্গি পরপর গুলি চালায়। ঘটনায় সুইডেনের দুই ফুটবল সমর্থকের মৃত্যু হয়েছে। সেই খবর খেলার মাঠেও চলে আসে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ঘটনা। পথচারীরা গুলির শব্দ শোনার পর প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছেন। গোলাগুলির ঘটনা জানাজানি হতেই স্টেডিয়ামের সব গেট বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় বেলজিয়াম-সুইডেন ফুটবল ম্যাচ। দর্শক আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তাকর্মীরা স্টেডিয়াম চত্বর ঘিরে ফেলেন। স্টেডিয়ামের সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়। সেই সময় খেলার ফল ছিল ১-১। হামলার পর দুই দলের ফুটবলারদের ড্রেসিংরুম থেকে বের হতে দেওয়া হয়নি। তারা নিজেরাও আর ম্যাচ খেলতে চাননি।
অন্যদিকে জঙ্গির স্লোগান শুনে মনে করা হচ্ছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের সদস্য। তার খোঁজে তল্লাশি চলছে। এ ঘটনার সঙ্গে ইসরাইল-হামাস যুদ্ধের কোনো যোগ আছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। জঙ্গি যোগের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না বেলজিয়াম সরকার।
বেলজিয়াম সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকবাজ নাকি এক ভিডিও বার্তায় আগেই জানিয়েছিলেন, তিনি ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের সদস্য। এ ঘটনায় বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো টুইট করে শোক প্রকাশ করে বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবে বেলজিয়াম ও সুইডেন।’
