নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা, প্রস্তুত মঞ্চ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৩:৪৪

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীতে আজ বুধবার বেলা দুইটায় জনসমাবেশ শুরু করবে বিএনপি। নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশকে ঘিরে সকাল থেকেই ভোর থেকেই নয়াপল্টনে জড়ো হচ্ছেন দলটির হাজার হাজার নেতাকর্মী। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে সমাবেশের মঞ্চ। টানানো হয়েছে বিশাল আকারের ব্যানার। চারপাশে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন।

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা

সরজমিনে দেখা গেছে, সকাল থেকে মঞ্চ নির্মাণের কার্যক্রম শুরু হলে কার্যালয়ের দিকে আসা শুরু করেন নেতা-কর্মীরা। ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে ব্যানার ও ফেস্টুন সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা জড়ো হচ্ছেন। এ সময় খালেদা জিয়ার মুক্তিসহ সরকারের পদত্যাগ করতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতা-কর্মীদের।

অপরদিকে বিএনপির সমাবেশ ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাদা পোশাকে রয়েছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

ইত্তেফাক/এসকে