কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের রোগী নিহত

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ২২:২১

রংপুরের মিঠাপুকুরে অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পলাশ ব্যানার্জী (৪৫) নামে এক রোগী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ধাপেরহাট গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক পলাশ ব্যানার্জীকে চিকিৎসার জন্য রংপুর নিয়ে যাচ্ছিলেন তার স্বজনরা। পথিমধ্যে দুর্ঘটনায় তিনি মারা যান। 

মিঠাপুকুর বড়দরগা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ বলেন, পলাশবাড়ি থেকে রোগীসহ একটি অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি রংপুর-ঢাকা মহাসড়কের জায়গীরহাট এস. এ এগ্রো ফিডস লিমিটেড সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা পলাশ ব্যানার্জী মারা যান। সঙ্গে থাকা তিন জন গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই পালিয়ে গেছে কাভার্ডভ্যান চালক। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পলাতক কাভার্ডভ্যান চালককে আটকের চেষ্টা চলছে।

ইত্তেফাক/পিও