রোমাঞ্চ ছড়াতে পারে মুস্তাফিজ-বুমরাহর গতির লড়াই

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১০:৩৪

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও স্বাগতিক ভারত। দুই প্রতিবেশীর দলীয় দ্বৈরথের মধ্যে অনেক খণ্ড লড়াইও থাকবে। ব্যক্তিগত সেই দ্বৈরথগুলোর মধ্যে বিশেষ আকর্ষণ ছড়াতে পারে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও জসপ্রিত বুমরাহর গতি-সুইংয়ের লড়াই।

এমনিতে এবারের বিশ্বকাপ পারফরম্যান্সে ২৯ বছর বয়সি বুমরাহর ধারের কাছেও নেই ২৮ বছর বয়সি মুস্তাফিজ। ভারতকে টানা তিন ম্যাচেই জয় উপহার দিতে বুমরাহ তিন ম্যাচেই বল হাতে বড় ভূমিকা রেখেছেন। তিন ম্যাচেই নিয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৮ উইকেট। বিপরীত মুস্তাফিজ তিন ম্যাচে নিয়েছেন মাত্র ২ উইকেট। তারপরও মুস্তাফিজকে আজ বুমরাহর সঙ্গে তুলনার কারণ, আজ যে বাংলাদেশের প্রতিপক্ষ বুমরাহর ভারত।

২০১৫ সালে এই ভারতের বিপক্ষেই ওয়ানডে অভিষেক হয়েছিল মুস্তাফিজের। অভিষেকেই ভারতকে কাঁপিয়ে দিয়ে মুস্তাফিজ ক্রিকেট দুনিয়াকে বার্তা দিয়েছিলেন—আমি এসে গেছি। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই ৫ উইকেট নেওয়া মুস্তাফিজ দ্বিতীয় ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট।  তৃতীয় ম্যাচে ২ উইকেট নিয়ে নিজেদের ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটা শেষ করেছিলেন ১৩ উইকেট নিয়ে। মুস্তাফিজ নিজের সেই সেরা সময় হারিয়ে ফেলেছেন বটে; তবে ভারতকে পেলেই জ্বলে উঠেন বাংলাদেশের কাটার মাস্টার। পরিসংখ্যানও সেই সাক্ষ্যই দিচ্ছে।

ভারতের বিপক্ষে ১১টি ওয়ানডে খেলে ২৫ উইকেট শিকার করেছেন তিনি। ৯৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে মুস্তাফিজের সেরা বোলিং কীর্তিটাও ভারতের বিপক্ষেই। ২০১৫ সালের ২১ জুন (তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে) মিরপুরে ৪৩ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। ভারতের বিপক্ষে নিজের প্রথম দুই ম্যাচেই মুস্তাফিজ হয়েছিলেন ম্যাচসেরা।

বিপরীতে বুমরাহ বাংলাদেশের বিপক্ষে ৪ ম্যাচ খেলে নিয়েছেন ১০ উইকেট। সেরা ৫৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। সব মিলে বুমরাহ ৮১ ম্যাচে নিয়েছেন ১৩৭ উইকেট। ৯৬ ম্যাচ খেলে মুস্তাফিজের শিকার ১৫৮ উইকেট। এবারের বিশ্বকাপে যেমন এগিয়ে বুমরাহ, তেমনি ওভার-অল বিশ্বকাপ পরিসংখ্যানেও এগিয়ে তিনিই। সব মিলে এ পর্যন্ত ১২ ম্যাচ খেলে ২৬ উইকেট নিয়েছেন বুমরাহ। ১১ ম্যাচে মুস্তাফিজের সংগ্রহ ২২ উইকেট। তবে বুমরাহ এখনো পর্যন্ত বিশ্বকাপে ম্যাচে ৫ উইকেটের কীর্তি গড়তে পারেননি। বিপরীতে মুস্তাফিজ ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন দুই বার। সেটাও আবার টানা দুই ম্যাচে।

২০১৯ বিশ্বকাপে বুমরাহর ভারতের বিপক্ষেই ৫৯ রান দিয়ে বিশ্বকাপে প্রথম বার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন মুস্তাফিজ। পাকিস্তানের বিপক্ষে ঠিক পরের ম্যাচেই আবার মুস্তাফিজ ৫ উইকেট লাভের কৃতিত্ব দেখান। পরিসংখ্যানের আলোকে তাই বলাই যায়, আজ মুস্তাফিজ-বুমরাহর গতির লড়াইটা হতে পারে বাড়তি রোমাঞ্চ।

ইত্তেফাক/এএম