ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, গতদিনে তারা ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের শত শত স্থাপনা ধ্বংস করেছে দিয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আইডিএফ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইডিএফ বলেছে, তারা গাজা উপত্যকাজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় ট্যাঙ্ক-বিরোধী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাইট, টানেল শ্যাফ্ট, গোয়েন্দা অবকাঠামো, অপারেশনাল সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ১০ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি আইডিএফের।
টানা ১৩ দিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। এতে উভয়পক্ষে নিহতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি। এদিকে গাজায় সীমান্তের কাছে সেনা জড়ো করেছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো সময় তারা গাজায় স্থল, আকাশ ও নৌপথে হামলা চালাবে। তবে ঠিক কখন এ অভিযান শুরু হবে- এনিয়ে কিছু জানায়নি দেশটি।
এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে।
