সবসময় কোহলিই আমাকে স্লেজিং করে, আমি করি না: মুশফিক

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১২:৪৩

ক্রিকেট ম্যাচে অনেকেই স্লেজিং করতে দেখা যায়। স্লেজিংকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। কোহলির স্লেজিংয়ের শিকার হয়েছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমও। 

কোহলির স্লেজিং দেখা গিয়েছে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে। উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ক্রিজে এসে কিছুটা সময় নিচ্ছিলেন। তখন তিনি অদৃশ্য ঘড়ির দিকে ইশারা করতে থাকেন। 

ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে স্টার স্পোর্টসকে সাক্ষাৎকার দিয়েছেন মুশফিক রহিম। তিনি বলেন, 'যখনই আমি তার বিপক্ষে খেলি, প্রতিবারই আমি ব্যাটিংয়ে নামার সময় সে সবসময় আমাকে স্লেজ করার চেষ্টা করে। কারণ সে সত্যিই একজন লড়াকু খেলোয়াড় এবং কোনো ক্রিকেট ম্যাচ হারতে চায় না। ভারত ও তার মুখোমুখি হওয়ার যে চ্যালেঞ্জ এবং প্রতিদ্বন্দ্বিতা সেটা আমি সত্যিই ভালোবাসি।'

উইকেটের পেছনে সবসময় সরব থাকেন মুশফিকও। সতীর্থদের চাঙা রাখতে নানাভাবে অনুপ্রাণিত করার চেষ্টা করেন। ইতিপূর্বে মুশফিকের উদযাপন নিয়ে ভারতীয় অনেক সমর্থকের আপত্তিকরতে দেখা গেছে। কোহলিকে কখনো স্লেজিং করেছেন কি না এমন প্রশ্ন করা হয় মুশফিককে। উত্তরে তিনি বলেন, 'বিশ্বের কিছু ব্যাটার স্লেজিং ভালোবাসে এবং তেঁতে ওঠে। তাই আমি কখনোই তাকে (কোহলি) স্লেজ করিনি কারণ সে তেঁতে ওঠবে। আমি সবসময়ই আমার বোলারদের বলি যতটা সম্ভব দ্রুত তার উইকেট তুলে নাও।'

ইত্তেফাক/ওএফ/জেডএইচ