আমি খুব টেনশনে ছিলাম: সালাউদ্দিন

যারা খেলেছেন ২ লাখ টাকা করে বোনাস, ফিলিস্তিন এবং লেবাননের কাছে পয়েন্ট চান সালাহউদ্দিন, মদকাণ্ডে জড়িত তিন ফুটবলার নিয়ে সিদ্ধান্ত হয়নি, শিগিগরই কোচের সঙ্গে মিটিং

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৪:১৪

কথায় কথায় ফুটবলের প্রতি সমালোচনা। ফুটবল শেষ, গেলো গেলো। এমন পরিস্থিতিতে দেশের ফুটবলে যেন স্বস্তির বাতাস। ফিফা ২০২৬ বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের পরবর্তী রাউন্ডে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকায় বাছাই রাউন্ড-১-এর প্লে অফের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে গ্রুপের বাছাইয়ে উঠেছে বাংলাদেশ। কঠিন লড়াই দেখে টেনশনে ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। না উঠতে পারলে চার বছর ফিফার ম্যাচ থাকবে না। এই নিয়ম শুধু যে বাংলাদেশের জন্য তা কিন্তু নয়। বাংলাদেশ, মালদ্বীপ, পাকিস্তানসহ অনেক দেশের জন্যই একই নিয়ম। প্লে অফ ম্যাচ খেলতে হয়েছে।

অস্ট্রেলিয়া, ফিলিস্তিন এবং লেবাননের বিপক্ষে বাংলাদেশ খেলবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হবে। নভেম্বরে প্রথম ম্যাচ খেলতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপের বাছাইয়ের গ্রুপ পর্বে ছয় ম্যাচ পাবে বাংলাদেশ। কী ভাবছেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। কী পরিকল্পনা করছেন তিনি। সালাহউদ্দিনের চোখে বাস্তবতা হচ্ছে অস্ট্রেলিয়া শক্তিশালী দল। গত বছরও কাতার বিশ্বকাপ খেলেছে অস্ট্রেলিয়া।

সালাহউদ্দিন বেশ খোলামেলা ভাবে জানালেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলতে চাই। ভালো খেলার ধারাবাহিকতা রাখতে চাই। আর লেবানন এবং ফিলিস্তিনের কাছ থেকে পয়েন্ট চাই।’ এর একটা ব্যাখ্যাও দিলেন সালাহউদ্দিন, ‘সাফ থেকে শুরু করে আফগানিস্তান, মালদ্বীপ পর্যন্ত যদি বলি, খেলায় উন্নতির ধারাবাহিকতা রয়েছে। খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছিল। এখন খেলোয়াড়রা আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। এটা ধরে রাখতে পারলে বাংলাদেশ ভালো খেলবে।’

একটা সময় গোল করে এগিয়ে থাকলেও বাংলাদেশ শেষ মুহূর্তে গোল হজম করত। এভাবে অনেক ম্যাচ নষ্ট হয়েছে। জয়ের দ্বারপ্রান্তে গিয়ে ম্যাচ হেরেছে কিংবা ড্র করে বিদায় নিয়েছিল। সেই ছবিগুলো এখন মুছে ফেলতে চাইছে ফুটবলাররা। উলটো হচ্ছে। বাংলাদেশ গোল হজম করে পিছিয়ে থাকলে গোল শোধ করে এগিয়ে আসে। মালদ্বীপের মাঠে মালদ্বীপের বিপক্ষে গোল হজম করে গোল শোধ করে ম্যাচ ড্র করেছিল। এবার ঢাকায় গোল করে এগিয়ে থেকেও গোল হজম করে এবং আবার গোল করে ম্যাচ জিতেছে। এটাই সালাহউদ্দিনের চোখে পজিটিভি দিক। ফিলিস্তিন এবং লেবাননের বিপক্ষে পয়েন্ট তুলে নিতে চাওয়ার পরিকল্পনা করছেন সালাহউদ্দিন। জানিয়েছেন, এই দুই দলের কাছ থেকে পয়েন্ট নেওয়ার জন্য দলকে কীভাবে সাজাতে হবে তা নিয়ে কোচের সঙ্গে মিটিং করবেন সালাহউদ্দিন।’

বাংলাদেশ ফুটবল দল প্লে অফ ম্যাচ জিতে বিশ্বকাপের বাছাইয়ে উঠা নিয়ে টেনশনে ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। গতকাল সালাহউদ্দিনের নিজের কণ্ঠ থেকেই উঠে এসেছে, ‘না জিততে পারলে চারটা বছর কি হতো কে জানে।’

সেই সালাহউদ্দিন মহাখুশি। খেলোয়াড় কোচ কর্মকর্তা এবং দর্শকদের অভিনন্দন জানিয়েছেন বাফুফে সভাপতি। যে কোনো পরিস্থিতিতে দর্শক দেশের ফুটবলের পাশে ছিল। মালদ্বীপের ম্যাচেও দর্শক যেন নিজেদের উজাড় করে সমর্থন জানিয়েছেন খেলোয়াড়দের। রাকিবের গোলে এগিয়ে যাওয়া ম্যাচে মালদ্বীপ গোল শোধ করেছিল। ভয় পেয়েছিলেন সালাহউদ্দিন। কারণ ৯০ মিনিটে না জিততে পারলে খেলাটা ৩০ মিনিটের পর্বে চলে যাবে। তারপরও টাইব্রেকার। সালাহউদ্দিন চেয়েছিলেন খেলাটা যেন ৯০ মিনিটেই শেষ হয়। বাংলাদেশ যেন জয় নিয়ে হোটেলে ফিরে। 

দ্বিতীয়ার্ধে ফয়সাল হোসেন ফাহিম গোল করলে, সেই গোলে ধরে রেখেই বাংলাদেশ জয় পেয়েছে। এর আগে অনেক গোল নষ্ট করেছেন তিনি। কোচ হ্যাভিয়ের কাবরেরা অবশ্য এটাকে সুযোগ নষ্ট বলছেন না। খেলা শেষে সংবাদ সম্মেলনে কোচ বলেছেন, ‘গোলের সুযোগ তৈরি হয়েছে। এটাকে নষ্ট বলা যায় না।’ মদকাণ্ডে জড়িত তপু বর্মন, গোলরক্ষক জিকো এবং শেখ রাসেলের নাম না উল্লেখ করে সালাহউদ্দিন বললেন, ‘আমি টেনশনে ছিলাম। কারণ তিনটা ফুটবলার নেই। দম নিয়েছিলাম শেষ বাঁশি বাজার পর।’ খেলার শেষে ড্রেসিং রুমে গিয়েছিলেন সালাহউদ্দিন। ড্রেসিং রুমে ফুটবলাররা বোনাসের কথা বলেছেন তাকে।

গতকাল সালাহউদ্দিন বলেন, ‘বোনাসের কথা আগেই বলেছিলাম অঙ্কটা বলা হয়নি। প্লেইং মেম্বাররা পাবেন ২ লাখ টাকা করে। এর বাইরে যারা আছেন তাদের জন্য বোনাস নির্ধারণ করা হয়নি। সেটা আলোচনা করে নির্ধারণ করা হবে।’ আর মদকাণ্ডে জড়িতদের বিষয়ে কোনো সিদ্ধান্ত? সালাহউদ্দিন বলেন, ‘কোচের সঙ্গে কথা বলব।’        

ইত্তেফাক/জেডএইচ