কিশোরগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় ৪ জনের মৃত্যু

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ২২:০৮

কিশোরগঞ্জের হোসেনপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে হোসেনপুর থেকে যাত্রীবাহী অটোরিকশা বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের চাপায় এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোসেনপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অপর ৩ জনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। 

নিহতের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন হোসেনপুর উপজেলার হাজীপুর গ্রামের মো. মিজান মিয়া (২৬) ও কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর গ্রামের মো. আলম মিয়া (৫০)। নিহত অন্য ২ জন ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই ট্রাকের চালককে আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মণ্ডল জানান, নিহত ৪ ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন। 

ইত্তেফাক/পিও