গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় কলেজছাত্র নিহত

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ২২:৪৪

পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লেগে মো. সবুজ গাজী (১৮) নামে এক কলেজছাত্র ঘটনাস্থলে নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে মঠবাড়িয়া-সাপলেজা সড়কের আমড়াগাছিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজ উপজেলার মানিকখালী গ্রামের মো. কবির গাজীর ছেলে। সে ডা. রুস্তম আলী ফরাজি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

জানা গেছে, সকাল ১০টার দিকে সবুজ বাড়ি থেকে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে মোটরসাইকেল যাচ্ছিল। এ সময় সাপলেজা-মঠবাড়িয়া সড়কের আমড়াগাছিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হয়।

গ্রামবাসীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার ঘটনা নিশ্চিত করে জানায়, নিহত কলেজছাত্রের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/পিও