‘শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। তার জন্মদিবসকে স্মরণীয় করে রাখতে ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস যথাযথ মর্যাদায় পালন করার লক্ষ্যে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাদারীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান।
পুষ্পস্তবক অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান।
সভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত জেলা প্রশাসকরা, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু তার প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব বার্ট্রান্ড রাসেলের নামানুসারে পরিবারের নতুন সদস্যের নাম রাখেন ‘রাসেল’। শৈশব থেকেই দুরন্ত, প্রাণবন্ত রাসেল ছিলেন পরিবারের সবার অতি আদরের। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে পরিবারের সদস্যদের সঙ্গে শেখ রাসেলকেও হত্যা করা হয় । তখন রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
