গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরের একটি জুয়েলারি দোকান থেকে অভিনব কায়দায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে উপজেলা শহরের চৌমাথা মোড় সংলগ্ন ধাপেরহাট সড়কে অবস্থিত মা জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
মা জুয়েলার্সের মালিক বাবলু চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার বিকালের দিকে একজন নারীসহ ৩ জন গ্রাহক তার দোকানে স্বর্ণালংকার কিনতে আসে। এক পর্যায়ে বাবলু চন্দ্র সরকার তাদেরকে চা খেতে বলেন। তখন ওই গ্রাহকদের একজন পাশের একটি চায়ের দোকান থেকে চা বহন করে নিয়ে এসে সবাই মিলে পান করেন। এই চা পান করার কিছুক্ষণ পরই বাবলু চন্দ্র ও তার দোকানের কারিগর নির্মল চন্দ্র সরকার মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন।
এ সুযোগে জুয়েলার্সটির শো-কেসে প্রদর্শন করা থাকা এবং সিন্দুকে রক্ষিত প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে গ্রাহক ছদ্মবেশী দূর্বৃত্তরা চম্পট দেন।
তিনি আরও বলেন, “ওই গ্রাহকের নিয়ে আসা চা পান করার পরই আমি আর কিছুই বলতে পারছিলাম না। শরীর ঝি-ঝি অনুভব হওয়ার সাথে সাথে আমার চোখে যেন রাজ্যের সব ঘুম এসে পড়েছিল।”
সাদুল্লাপুর থানার ওসি মাহবুব আলম রানা বলেন, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। তবে এ নিয়ে কেউ কোন অভিযোগ করেনি।
