পলাশবাড়ীতে অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকার ক্ষতি

আপডেট : ২৯ জুন ২০১৯, ১৯:৩১

পলাশবাড়ীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার উপজেলা সদরে মহাসড়কের পশ্চিম পার্শ্বের সৈয়দ প্লাজায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

জানা যায়, শনিবার দুপুর ১টায় সৈয়দ প্লাজার পশ্চিম পার্শ্বের পরিত্যক্ত একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে মানিক সু-ষ্টোরের জুতা প্রস্তুতকারী কারখানায়। খবর পেয়ে গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ ফায়ার ব্রিগেডের দুইটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত সম্পর্কে কোন তথ্য পাওয়া না গেলেও একটি সূত্র জানায়, পরিত্যক্ত ঘরটি ময়লা আবর্জনার স্তূপ থেকে এ আগুনের সূত্রপাত হয়। 

মানিক সু-ষ্টোরের সত্ত্বাধিকারী রামবাবু জানান, মানিক সু-ষ্টোরের জুতা প্রস্তুতের প্রয়োজনীয় যন্ত্রাংশ, চামড়া ও প্রস্তুতকৃত জুতাসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। 

আরও পড়ুন:  গাইবান্ধায় প্রশ্ন ফাঁস চক্রের সদস্য আটক

গাইবান্ধা জেলার উপ-সহকারী পরিচালক ফায়ার ডিফেন্স আমিরুল ইসলাম জানান, আগুনের সূত্রপাতটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হবে। 

ইত্তেফাক/জেডএইচডি