ফরিদপুরের সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় মা ইলিশ ধরায় ৭ জেলেকে আর্থিক জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) রাতে প্রশাসনের অভিযানে জেলেদের কাছ থেকে ৫ হাজার মিটার জাল ও ৬ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জাল গুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং ইলিশ মাছ গুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ (১) ধারা মোতাবেক ৭ জেলেকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির জানান, ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির জন্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজননক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্যকারীকে অন্তত এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
ইউএনও আরও জানান, নিয়মিত অভিযান হচ্ছে। আগামী ২ নভেম্বর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
