ফরিদপুরে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ২১:২৪

ফরিদপুরের মধুখালী উপজেলায় মেছড়দিয়া গ্রামে নিজ ছেলের দা’য়ের কোপে নিহত হয়েছেন এক মা। শনিবার (২১ অক্টোবর) ভোরে হতভাগ্য মা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত মা মেছড়দিয়া গ্রামের জামাল জোয়াদ্দারের স্ত্রী মর্জিনা বেগম (৪০)।
 
জানা যায়, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতের আঁধারে নেশাগ্রস্ত ছেলে রাকিব (১৮) ঘুমন্ত মায়ের মাথায় ধারালো দা দিয়ে চারটি কোপ দেয়। পরে সে বাড়ি থেকে পালিয়ে যায়। মায়ের পাশে ঘুমিয়ে থাকা ছোট ছেলে রক্তাক্ত অবস্থায় মাকে দেখে চিৎকার দেয়। এ সময় বাড়ির লোকজন মর্জিনা বেগমকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসারত অবস্থায় ওই মায়ের মৃত্যু হয়।

জখমের পরদিন বুধবার (১৮ অক্টোবর) নিহতের স্বামী বাদী হয়ে ছেলে রাকিবের নামে মধুখালী থানায় মামলা করে। 

মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/পিও