যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় গতকাল থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা। ১৬টি দল এ পর্যায়ে পরস্পরের মোকাবিলা করবে।
রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে উদ্বোধনী খেলায় ঢাকা বিভাগের দল আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ৩-০ গোলে জামালপুর জেলার ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে জয়ের আনন্দে মাঠ ছাড়ে। আতিক শাহরিয়ার ২ এবং সাব্বির হোসেন মোল্লা গোল করেন। দিনের অপর ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ টাইব্রেকিংয়ে ৩-২ গোলে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। নির্ধারিত সময় গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
২০২২ সালের ৩১ ডিসেম্বর থেকে শুরু এই প্রতিযোগিতা। দেশের ৮৮৪টি কলেজের ১৫ হাজার ৯১২ জন প্রতিযোগী এতে অংশ নেন। পরে সেখান থেকে জেলা পর্যায়ের সেরা দুইটি দল সুযোগ পায় বিভাগীয় প্রতিযোগিতায়। সেখানে ১২৮টি কলেজের ২ হাজার ৩০৪ জন খেলোয়াড় অংশ নেয়। সবশেষ প্রতিটি বিভাগের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ-সহ মোট ১৬টি দল উঠে আসে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়। আজ উদ্বোধনী ম্যাচ শুরুর আগে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল মজুমদার, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক তরিকুল ইসলাম, সাবেক জাতীয় ফুটবলার মো. আবদুল গাফফার, শেখ মো. আসলাম, খন্দকার রকিবুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিটিভির সাবেক মহাপরিচালক ম. হামিদসহ অন্যরা।
অনুষ্ঠানের ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘প্রথমবারের মতো ২০১৮ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ চালু করা হয়। দেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আমরা বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার উদ্যোগ গ্রহণ করি। আগামী বছর থেকে ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য দেশব্যাপী বঙ্গমাতা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট চালু করা হবে। এ সকল টুর্নামেন্ট থেকে বাছাইকৃত সেরাদের নিয়ে দেশেবিদেশে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’
