ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ২০৫৬ রোগী

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ২০:১৬

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ১২৫৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৬ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৬৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। 

রোববার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৫৫ হাজার ৪৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৫ হাজার ৫৩০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৫১৬ জন।

এছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৪৬ হাজার ১১৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯২ হাজার ৫৭২ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৫৩ হাজার ৫৪২ জন।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর (২৮১ জন) রেকর্ড হয়েছিল। এ ছাড়া ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।

ইত্তেফাক/এনএ