ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ দিন দিন বিস্তৃত অঞ্চলের জন্য বড় প্রভাব ফেলছে। এমতাবস্থায় রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল যদি দ্রুত তাদের সামরিক পদক্ষেপ বন্ধ না করে তবে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। খবর বিবিসির।
তেহরানে বক্তৃতায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ‘আমি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার প্রক্সি (ইসরায়েল)কে সতর্ক করে দিচ্ছি... তারা দ্রুত গাজায় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা বন্ধ না করলে যে কোনও মুহূর্তে যে কোনও কিছু ঘটে যাওয়া সম্ভব। এই অঞ্চলটি ক্ষতিগ্রস্ত হবে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’
ইসরায়েল দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ মিলিশিয়ার সঙ্গে গোলাগুলি করছে। এর আগে, লেবাননের সীমান্তের কাছাকাছি বাস করা ইসরায়েলি সম্প্রদায়কে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে। লোহিত সাগরে থাকা মার্কিন ডেস্ট্রয়ার ইয়েমেন থেকে ইরান-সমর্থিত হুথিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করেছে। পাশাপাশি ইরাকে মার্কিন বাহিনীর একটি ঘাঁটিও ইরান-সমর্থিত গোষ্ঠীর রকেট ও ড্রোন হামলার শিকার হয়েছে।
এদিকে ইরান হামাসকে ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালাতে সাহায্য করার কথা অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইরানের সরাসরি জড়িত থাকার কোনও প্রমাণ পাননি।
