ফিলিস্তিনে হতাহত শিশুদের জন্য মর্মাহত চয়নিকা চৌধুরী

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ২০:৫৯

বছর ঘুরে আবার এসেছে দুর্গাপূজা। পূজা মানেই উৎসব, কেনাকাটা, খাওয়া-দাওয়া, প্রিয়জনের সঙ্গে ঘোরাঘুরি—সব মিলিয়ে পাঁচ দিনের বাঁধভাঙা উচ্ছ্বাস। তবে এবারের শারদীয় এ উৎসবের আনন্দের মধ্যে ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনে হতাহত শিশুদের জন্য মর্মাহত জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। 

রোববার (২২ অক্টোবর) সকালে ইত্তেফাক অনলাইনের সঙ্গে কথা বলার সময় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের হতাহত শিশুদের জন্য দুঃখ প্রকাশ করে নির্মাতা বলেন, ‘যুদ্ধের ভয়াবহতায় মন খুব বিক্ষিপ্ত হয়ে আছে। নিষ্পাপ শিশুদের হতাহত, রক্তপাত সহ্য করতে পারছি না।’

সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মহা অষ্টমীতে সবার মঙ্গল কামনা করে চয়নিকা চৌধুরী বলেন ‘আজকের অষ্টমী পূজায় মেয়েকে নিয়ে বনানী পূজা মণ্ডপে যাচ্ছি। সবাইকে শারদীয় শুভেচ্ছা। অশুভ যা কিছু আছে চলে যাক, সবার মঙ্গল হোক।’

এবার পূজায় নতুন কিছু কেনাকাটা করেননি বলে জানালেন চয়নিকা চৌধুরী। আগের কেনা ঘরে থাকা নতুন শাড়ির ভাঁজ খুলেছেন তিনি এ পূজায়।

পূজা উপলক্ষে রান্না-বান্নার ব্যস্ততা নিয়ে প্রশ্ন করতেই চয়নিকা জানান, নাড়ু ও লুচি-মিষ্টান্ন নিজে হাতেই করছেন বলে রান্না ঘরেও সময়টা ভালো কাটছে তার।

এদিকে নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ততার কথাও জানালেন তিনি। সিনেমার চিত্রনাট্য শেষ হলেও এখনই অভিনেতা-অভিনেত্রী সম্পর্কে কিছু জানাতে চাননি নির্মাতা চয়নিকা চৌধুরী। 

গত ঈদে মুক্তি পাওয়া চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ ছবিটি বাণিজ্যিকভাবে দারুণ সফল হয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলীসহ অনেকে।

ইত্তেফাক/পিএস/এএএম