মাদারীপুরে চোর অপবাদ দিয়ে জামাইয়ের ওপর হামলার অভিযোগ

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ২২:৩০

চোর অপবাদ দিয়ে মাদারীপুরের কালকিনিতে মো. নাজমুল মোল্লা (৩৫) নামে এক জামাইয়ের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে শ্বশুর ও তার পরিবারের বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন ওই জামাইকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে পুনরায় সেখানে এসে হামলা চালানোর চেষ্টা চালায় অভিযুক্তরা। 

রোববার (২২ অক্টোবর) সকালে এ হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবার। 

জানা গেছে, পৌর এলাকার দক্ষিণ জনারদন্দি গ্রামের কিরণ শিকদারের মেয়ে হালিমা বেগমের সঙ্গে বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা গ্রামের রেজাউল মোল্লার ছেলে নাজমুল মোল্লার প্রায় তিন বছর পূর্বে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বিয়ের পরে তাদের স্বামী-স্ত্রীর মাঝে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে স্ত্রী হালিমা বেগম সম্প্রতি তার বাবার বাড়িতে চলে আসে। পরে স্বামী নাজমুল মোল্লা তার স্ত্রীকে নিজের বাড়িতে আনার জন্য গত শুক্রবার রাতে তার শ্বশুর বাড়িতে যান। এ সময় জামাই নাজমুলের সঙ্গে তার শ্বশুর বাড়ির লোকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শ্বশুর বাড়ির লোকজন তাদের বাড়িতে চোর আসছে বলে চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী এসে জামাইয়ের ওপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন ওই জামাইকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে পুনরায় সেখানে এসে হামলা চালানোর চেষ্টা চালায় অভিযুক্তরা। এ হামলার ঘটনায় জামাইয়ের মা তাহমিনা বেগম বাদী হয়ে ৯ জনের নামে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগকারী তাহমিনা বেগম বলেন, আমার ছেলের স্ত্রী আমাদের টাকা ও স্বর্ণ নিয়ে তার বাবার বাড়ি চলে গেছে। তাই আমার ছেলে তার স্ত্রীকে আনতে গেছে। এ সময় আমার ছেলেকে তার শ্বশুর বাড়ির লোকজনে তাকে চোর বলে এলাকাবাসীদের নিয়ে হামলা চালিয়েছে। আমি এর বিচার চাই।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা একজন রোগী বলেন, নাজমুলকে হাসপাতালে এসেও হামলা চালানোর চেষ্টা চালায় তার শ্বশুর বাড়ির লোকজন। 
 
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।

কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/পিও