সড়কে ঝরলো পাঁচ প্রাণ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০০:২৮

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। গত রবিবার ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় ট্রাক্টরের চাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যার পর চান্দিনা উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের রাণীচড়া এলাকায় ঐ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহিনুর আক্তার (২৮) ও আলাআমিন (৩২)। চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

টেকেরহাট (মাদারীপুর): মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর নিহত  হয়েছে। সোমবার  দুপুর  ১টার দিকে উপজেলার চৌরাশি বাজিতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রান্ত বালা (১৬) উপজেলার আমগ্রাম নয়ারচড় গ্রামের পরিমল বালার ছেলে। রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তালা (সাতক্ষীরা): তালায় পূজায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় সৌরভ দত্ত (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন। রবিবার দিবাগত রাতে উপজেলার জালালপুর শাখারীপাড়া মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত সৌরভ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার প্রদীপ দত্তের ছেলে। তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বড়াইগ্রাম (নাটোর): বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. জাহিদুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাদেক আলী (৩৭) নামে অপর এক আরোহী। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। রোববার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার লক্ষ্মীকোল-জোনাইল সড়কের জোনাইল কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমএএম