দিল্লি সফরে আসছেন মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী

আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গ থাকবে আলোচনায়

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০১:০০

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আগামী নভেম্বরে ভারত সফর করবেন। দিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্র মন্ত্রী পর্যায়ের ২+২ সংলাপে অংশ নেবেন তারা। দুই মার্কিন মন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা এবং দুই দেশের মধ্যেকার কৌশলগত সম্পর্কের অভিন্ন উদ্বেগের বিষয়ে আলোচনা করবেন।

সূত্রের বরাত দিয়ে ভারতের ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়েছে, অ্যান্টনি ব্লিনকেন এবং লয়েড অস্টিন ভারতের উত্তর সীমান্তে চীনের সঙ্গে চলমান সামরিক অচলাবস্থার মতো আঞ্চলিক নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। ভারত এবং যুক্তরাষ্ট্র উভয়ই কোয়াডের সদস্য।          

এই গ্রুপ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিবেদিত, যেখানে ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া এবারের বৈঠকে গাজায় হামাস-ইসরায়েল সংঘাত, বৈশ্বিক নিরাপত্তায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়েও আলোচনা হতে পারে।

ভারতীয় গণমাধ্যম টাইমস নাউয়ের এক খবরে বলা হয়েছে, আগামী ৭-১০ নভেম্বরের মধ্যে এই সংলাপ অনুষ্ঠিত হতে পারে। ২০১৮ সাল থেকে দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের ২+২ ডায়লগ অনুষ্ঠিত হয়ে আসছে।

ইত্তেফাক/এমএএম