‘বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি আরও কমে আসবে’

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৫:৩৯

ভারতে সফররত সাংবাদিক প্রতিনিধি দল সোমবার (১৬ অক্টোবর) বিকেলে পরিদর্শন করেন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ কার্যালয়। এসময় দুই দেশের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। 

কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ কর্তাব্যক্তিরা ভারতের শিল্প খাতের উন্নয়নের চিত্র তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বাংলাদেশের সঙ্গে শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

তারা বলেন, বাংলাদেশে অনেক প্রকল্পে ভারতীয় বিনিয়োগ রয়েছে। গত কয়েক বছর বাংলাদেশ থেকে ভারতে আমদানি বৃদ্ধির কারণে বাণিজ্য ঘাটতি ধীরে ধীরে কমে এসেছে। এটি আরও কমে আসবে বলে ভারতীয় শিল্পোদ্যোক্তারা আশা প্রকাশ করেন। 

কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের চিফ ইকোনেমিস্ট বিদিশা গাঙ্গুলিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (১৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশের সাংবাদিকরা ভারতীয় টিভি চ্যানেল দূরদর্শন স্টুডিও পরিদর্শন করেন। দূরদর্শন কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমানে দূরদর্শন হিন্দি ভাষায় একটি পূর্ণাঙ্গ নিউজ চ্যানেল পরিচালনা করছে। ইংরেজি ভাষায় ২৪ ঘণ্টা আন্তর্জাতিক চ্যানেল শুরু হয়েছে দুই বছর আগে। এ ছাড়া ২৮টি আঞ্চলিক ভাষায় দূরদর্শন টিভি চ্যানেল দেখা যায় পুরো ভারতে।

সোমবার (১৬ অক্টোবর) রাতে দিল্লির একটি অভিজাত হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাগচীর নৈশভোজে যোগদান করে সাংবাদিক প্রতিনিধিদলটি। এ সময়  ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) সাংবাদিক নেতা শাবান মাহমুদসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজে যোগ দেন নয়াদিল্লিতে কর্মরত ভারতের সিনিয়র সাংবাদিকর।

ইত্তেফাক/এএইচপি