নির্মাণের ৫ মাসেই ব্রিজে ফাটল!

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৩:৫৭

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্রিজ নির্মাণের ৫ মাসের মধ্যেই কামানডুবা ঘাটে নির্মিত ব্রিজটির দুই পাশের অ্যাপ্রোচে ফাটল দেখা দিয়েছে । এরইমধ্যে ধসে পড়েছে ব্রিজটির দুই পাশের ব্লক।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজস কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৭২ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার ব্রিজটি ৪ কোটি ৪১ লাখ ৫৬ হাজার ৩৩৯ টাকা চুক্তি মূল্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনিক কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড ও মেসার্স খান এন্টারপ্রাইজ অ্যান্ড আরএস এন্টারপ্রাইজ ২০২০ সালের ৩০ জুলাই কাজ শুরু করে। কার্যাদেশ অনুযায়ী ২০২২ সালের ৫ মার্চ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজটির নির্মাণ কাজের সময় বর্ধিত করে নিয়ে চলতি বছর জুনে শেষ করে।

ব্রিজের গাইড ওয়াল নির্মাণের কাজ, কোনো ধরনের ভিত্তি না বসিয়ে আলগা মাটিতে ওয়াল নির্মাণ, ব্রিজের নিচ থেকে মাটি খনন, ব্রিজের দুই ধার ও রাস্তা নির্মাণে মাটি দাবানোর জন্য সঠিকভাবে রোলার ব্যবহার না করায় এই বর্ষা মৌসুমে আলগা মাটি দেবে গিয়ে ধসে পড়েছে ব্রিজের দুই পাশের বসানো ব্লকগুলো। পাশাপাশি নির্মিত হ্যারিং বোম দেবে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এই ব্রিজের কাজের জামানতের বিল এখনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি। জামানতের টাকা ফেরত দেওয়ার আগেই সব ঠিক করে আমারা বুঝিয়ে নেবো। বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ ঠিকাদার প্রতিষ্ঠানকে জানিয়েছি।’

ইত্তেফাক/এইচএ