ভারতের দিল্লিভিত্তিক সংগঠন নারায়ণী নমস্তুতে দুর্গাপূজা এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৩ এর সেরা প্রতিমা পুরস্কার পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উচালিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ।
সোমবার (২৩ অক্টোবর) পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগ এর স্বাস্থ্য ও জনসংখ্যা কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তীর হাতে সম্মাননা ক্রেস্ট-সার্টিফিকেট তুলে দেন নারায়ণী নমস্তুতে বাংলাদেশের প্রধান এবং এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তী।
এ সময় উপস্থিত ছিলেন- পূজা উদযাপন পরিষদের সভাপতি পার্থ চক্রবর্তী, সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তীসহ পূজারি ও ভক্তবৃন্দ। স্বর্গীয় আশুতোষ চক্রবর্তীর বাড়িতে এবার ১৪তম দুর্গোৎসবের আয়োজনে করে উচালিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ। পরিষদের পক্ষ থেকে প্রতিবারের মতো এবার ও বর্ণিল ম্যাগাজিন প্রকাশিত হয়, যেখানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের পদস্থ কর্মকর্তাসহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ তাদের মূল্যবান বাণী প্রদান করেন।
উল্লেখ্য, গত বছর ও দুর্গাপূজা এক্সেলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে উচালিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ। এ পূজামণ্ডপটি সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সেরা আলোকসজ্জা, লাইটিং এবং প্রতিমায় শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে এবং সবারই এ দুর্গোৎসব ঘিরে প্রচুর আগ্রহ তৈরি হয়ে থাকে। আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ৫ দিনব্যাপী সর্ববৃহৎ ধর্মীয় উৎসব 'শারদীয় দুর্গাপূজা'।

