হামুন এখন কোথায়

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১১:৫৬

বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই বাংলাদেশ উপকূল পার করেছে ঘূর্ণিঝড় ‘হামুন’। এটি দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপের আকারে চট্টগ্রামের সাতকানিয়া হয়ে মিয়ানমারের দিকে চলে গেছে। ঘূর্ণিঝড়ের অবস্থান নির্ণয়কারী সাইট জুমআর্থে দেখা যায়, বর্তমানে মিয়ানমারের কালাই শহরের উপকণ্ঠে অবস্থান করছে। সেখানে নিম্নচাপ দেখা দিয়েছে।

ঘূর্ণিঝড় হামুন মিয়ানমারে চলে যাওয়ায় বাংলাদেশের জন্য ঘূর্ণিঝড়টি গুরুত্বহীন হয়ে পড়েছে। এ পর্যায়ে দেশে ক্ষয়ক্ষতির আশঙ্কা দূরীভূত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। বাংলাদেশে ঘূর্ণিঝড়টির অবস্থানকালে বাতাসের গতিবেগ ছিল ১০৪ কিলোমিটার।

ঘূর্ণিঝড় হামুন নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, `উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় হামুন উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার রাত একটায় উপকূল অতিক্রম সম্পন্ন করেছে ও দুর্বল হয়ে সাতকানিয়া, চট্টগ্রামে স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরও অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।’

ঘূর্ণিঝড় হামুন নিয়ে আর কোনো বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, ভারতের মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ ও ওড়িশাকে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবের বিষয়ে সতর্ক করা হয়েছে।

কক্সবাজারে তিনজনের মৃত্যু
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ জানিয়েছেন, মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে।

নিহত তিনজনের মধ্যে একজন পৌরসভা এলাকায়, একজন মহেশখালী ও একজন চকরিয়ার। ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে ঝোড়ো হাওয়ায় দেয়াল ও গাছ চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এইচএ