বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃত্ ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশে প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালক ফজলুল হক। ২৬ অক্টোবর ফজলুল হক-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরই এক অনাড়ম্বড় অনুষ্ঠানের মাধ্যমে ফজলুল হক স্মৃতি পুরস্কার দেয়া হয়। এবছর পুরস্কার পাচ্ছেন চলচ্চিত্র পরিচালনায় ছটকু আহমেদ এবং চলচ্চিত্র সাংবাদিকতায় ইমরুল শাহেদ।
প্রতি বছরের মতো এ বছরও পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামীকাল ২৬ অক্টোবর। ফজলুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ফজলুল হক স্মৃতি কমিটি’ ২০০৪ সাল থেকে এই দিনে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ দিয়ে আসছে। বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এ পুরস্কার প্রবর্তন করেন।
পুরস্কার প্রদানের পাশাপাশি এবারের অনুষ্ঠানে ফজলুল হকের উপর নির্মিত তথ্যচিত্র ‘অগ্রপথিক ফজলুল হক’ দেখানো হবে। এ তথ্যচিত্রটি পরিচালনা করেছেন শহিদুল আলম সাচ্চু। তথ্যচিত্রটি প্রসঙ্গে বলেন, ‘আমাদের চলচ্চিত্র সাংবাদিকতার ক্ষেত্রে ফজলুল হক গবেষণার অন্যতম বিষয়। আমি মনে করি এই তথ্যচিত্র এদেশের সাংবাদিকতার সেই পথিকৃতকালটাকে মনে করিয়ে দেবে নতুন প্রজন্মের কাছে।’
ষাটের দশকের শুরুতে ফজলুল হক ‘প্রেসিডেন্ট’ নামে একটি শিশুতোষ সিনেমা তৈরি করেছিলেন যা পাকিস্তান আমলে পুরস্কৃতও হয়েছিল। ‘প্রেসিডেন্ট’ ছবিতে শিশুনায়কের ভূমিকায় অভিনয় করে পুরস্কৃত হয়েছিলেন আজকের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। ‘প্রেসিডেন্ট’ ছবিটি যখন নির্মিত হয় তখন ঢাকায় প্রযোজিত সিনেমার সংখ্যা মাত্র কয়েকটি। পরে তিনি ‘উত্তরণ’ নামে আরো একটি সিনেমা পরিচালনা করেন। পত্রিকা সম্পাদনা বা চলচ্চিত্র পরিচালনা কোনোটাতেই তিনি থেমে থাকেননি।
