নিজেদের পঞ্চম ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার সঙ্গে মাঠে নেমেছিল বাংলাদেশ। ওয়াংখেড়ে স্টেডিয়ামের মাঠ ছোট ও ব্যাটিং সহায়ক। বিশ্বকাপ খেলতে আসা সব দলই জানে এইটা। দক্ষিণ আফ্রিকার সঙ্গে হারের পর মাহমুদউল্লাহ রিয়াদ মন্তব্য করেছেন।
গতকাল (২৪ অক্টোবর) বাংলাদেশ দলের উপর তাণ্ডব চালান দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার কুইন্টন ডি কক ও হেনরিখ ক্লাসেন। যার জন্য ম্যাচ শেষে তাদের প্রশংসায় ভাসিয়েছেন মাহমুদউল্লাহ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে রিয়াদ বলেন, ‘৪০ ওভারে তাদের ২৩০-২৪০ রান ছিল। স্কোর যদি ৩৩০-৩৪০ হতো তাহলে ভালো হতো। এ নিয়ে সাকিব-মুশির সঙ্গেও কথা বলছিলাম, বোলারদের সঙ্গেও কথা হচ্ছিল। কারণ আমার কাছে মনে হচ্ছিল উইকেট খুব ভালো ছিল। ৩২০-৩৩০ রান তাড়া করার মতো ছিল এই উইকেটে। সে হিসেবে ৩৮০ রান অনেক বেশি। বোলাররা যে গা-ছেড়ে বোলিং করেছে তাও নয়। তাদের পূর্ণ চেষ্টাই করেছে। যখন ক্লাসেন এবং কুইনি (ডি কক) ছন্দে থাকে তাদের থামানো কঠিন।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আমরা মোমেন্টামটা পাচ্ছি না। ম্যাচ জিততে হলে আপনি আগে ব্যাটিং করেন বা বোলিং করেন আপনাকে সুযোগ তৈরি করতে হবে। আমার মনে হয় আমরা সেটাই করতে পাচ্ছি না।’ বোলিংয়ে সুযোগ তৈরি করতে না পারাকেও দায় দিচ্ছেন রিয়াদ। তিনি বলেন, ‘প্রথম ম্যাচটা যদি দেখি আফগানিস্তানের সাথে বোলাররা ভালো করেছে দেখেই কাজটা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছিল। পরের ম্যাচগুলোতে আমরা সেই সুযোগটা তৈরি করতে পারছি না। আমরা আলোচনা করছি, মিটিং করছি— কিন্তু প্রয়োগ ঘটাতে পারছি না। চেষ্টা করব পরের ম্যাচে যেন তেমনটা করতে পারি।’
