বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপের বড় মঞ্চ মানেই যেন রিয়াদের সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারের চার সেঞ্চুরির তিনটি সেঞ্চুরি করেছেন বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করে জানান দিলেন বিশ্রামের নামে বাদ দেওয়া রিয়াদ এখনও ফুরিয়ে যাননি।
পরবর্তীতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন অনেক কথা বলার আছে, তবে মাহমুদউল্লাহ বলতে চান উপযুক্ত সময়ে।, ‘আলহামদুলিল্লাহ। এটা ভালো সময় আমার মনে হয়। যদিও আমি অনেক কিছু নিয়ে কথা বলতে চাই। কিন্তু এটা কথা বলার জন্য ঠিক সময় নয়। যেটা আমি বলতে পারি, দলের জন্য খেলতে চেয়েছি। দলের জন্য অবদান রাখতে পেরেছি। যদি দলের জয়ের জন্য কিছু করতে পারি, তাহলে আরও ভালো লাগবে।’
বাদ পড়ার সময়ে শক্তি কোথায় পেলেন জানতে চাইলে মাহমুদউল্লাহ বলেন, 'আমি জানি না। হয়তো আল্লাহ আমাকে চালিয়ে যাওয়ার শক্তিটা দিয়েছেন। চেষ্টা করেছি ফিটনেস ঠিক রাখতে, কষ্ট করতে। এর বাইরে তো আমার আর করার কিছু নেই।'
