ঈশ্বরদীতে ট্রাক, সিএনজি অটোরিকশা ও শ্যালো ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের ত্রিমুখী সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই জন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক সড়কে চারাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাটোর জেলার লালপুর থানার পুরাতন ঈশ্বরদী গ্রামের জেহের মোল্লার ছেলে আসান মোল্লা (৬৫) এবং দক্ষিণ লালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জিন্নাত আলী (৫৪)।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে চারাবটতলা এলাকায় খড়ি বহনকারী শ্যালো ইঞ্জিনচালিত পাওয়ার টিলার, সিএনজি অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার চালক ও অপর যাত্রীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
