মেজর লিগ সকারে প্লে অফ জায়গা করে নিতে ব্যর্থ ইন্টার মায়ামি। আর তাই মাস চারেক বেকার থাকবেন দলের মহাতারকা লিওনেল মেসি। মেসির বেকার সময়ে এক অদ্ভুত প্রচারণা চালিয়েছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। সম্প্রতি তার একটি বিলবোর্ড প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সেটি একেবারে মহাকাশে। খবর গোলডটকম
অ্যাডিডাসের দূত হিসেবে ২০০৬ সাল থেকে কাজ করে চলছেন বিশ্বকাপজয়ী মেসি। আর ২০১৭ সালে প্রতিষ্ঠানটি মেসির সঙ্গে আজীবনের চুক্তি করে। এরপর থেকে কোম্পানির নানা প্রচারণায় দেখা যায় সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।
সোশ্যাল মিডিয়ায় অ্যাডিডাস মহাকাশে মেসির বিলবোর্ড প্রকাশের একটি ভিডিও প্রকাশ করেছে। ‘আউট অব দিস ওয়ার্ল্ড’ ক্যাপশনে সেই ভিডিওতে স্পেসে মেসির একটি বিলবোর্ড প্রকাশ করেছে। বিলবোর্ডে রয়েছে মেসি ছবি এবং মেসির অ্যাডিডাসের একটি জুতা।
মেসির ছবির নিচেই লেখা ‘আউট অব দিস ওয়ার্ল্ড’। আর এ নামটিই ভিডিওটির ক্যাপশনে দিয়েছে প্রতিষ্ঠানটি। ভিডিওতে দেখা যায়, বিলবোর্ডে আর্জেন্টিনার প্র্যাকটিস কিট গায়ে মেসির একটি পাসপোর্ট সাইজের ছবি। তার ঠিক উপরের দিকে রয়েছে অ্যাডিডাসের তৈরি একজোড়া জুতো। মেসির ছবির নিচে ক্যাপশনে লেখা মেসির পছন্দের জুতো ‘এক্সক্র্যাজিফাস্ট’ এর নাম।
ভিডিওর শেষ দিকে হাসিমুখে মেসি বলেন, 'আমি সবসময় মহাকাশে যেতে চেয়েছিলাম।'
