২৮ অক্টোবর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সতর্ক অবস্থানে পুলিশ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৬:৪৩

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে পাল্টাপাল্টি মহাসমাবেশ ঘিরে রাজনৈতিক অঙ্গনে ফের উত্তাপ ছড়াচ্ছে। প্রধান দুই দলের রাজনৈতিক কর্মসূচি ঘিরে কেউ যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য ব্রাহ্মণবাড়িয়ায় সর্তক অবস্থান গ্রহণ করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, ভাদুঘর বাস টার্মিনাল, পৈরতলা বাসস্ট্যান্ড, বিশ্বরোড মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান নিয়েছে।

শুক্রবার দুপুর ৩ টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ‘২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগ পাশাপাশি কর্মসূচি ঘোষণা করেছে। তাদের এসব কর্মসূচিতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতা-কর্মীরা যোগদান করবেন বলে জানা গেছে। এই পরিস্থিতিতে কেউ যেন কোনো প্রকার নাশকতাসহ অরাজক পরিবেশের সৃষ্টি করতে না পারেন সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্তক অবস্থান গ্রহণ করা হয়েছে। রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েনের পাশাপাশি রাস্তায় পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।’

উল্লেখ্য, ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে জনসভা করার ঘোষণা দেয় বিএনপি। পাশাপাশি একই দিন বায়তুল মোকাররম এলাকায় পাল্টা জনসভার ঘোষণা দেয় আওয়ামী লীগ।

ইত্তেফাক/এএএম