সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে আজ শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। তবে বড় দুই দলের সমাবেশ ছাড়াও রাজধানীতে আরও ১১ সমাবেশ আজ।
জানা গেছে, গণতন্ত্র মঞ্চ বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে, ১২ দলীয় জোট বেলা ২টায় বিজয় নগর পানির ট্যাংক মোড়ে, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ২টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে, গণ ফোরাম ও পিপলস পার্টি বেলা ১২টায় মতিঝিল নটর ডেম কলেজের উলটো দিকে গণফোরাম চত্বরে, এলডিপি বেলা ৩টায় কাওরান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিস সামনে সমাবেশ করবে।
এছাড়া গণঅধিকার পরিষদ বেলা ১১টায় বিজয় নগর পানির ট্যাংক মোড়ে, এনডিএম বেলা ৩টায় মালিবাগ মোড়ে, গণতান্ত্রিক বাম ঐক্য দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে, গণঅধিকার পরিষদ (ডক্টর রেজা কিবরিয়া ও ফারুক হাসান) বেলা ৩টায় পুরানা পল্টন কালভার্ট রোডে, লেবার পার্টি বেলা ৪টায় পুরানা পল্টন মোড়ে, এবি পার্টি বেলা ১১টায় বিজয়নগর হোটেল ৭১-এর সামনে, জনতার অধিকার পার্টি বেলা ২টায় বিজয় নগর পানির ট্যাংক মোড়ে, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বেলা ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এবং জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে।
