আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার শেখ নাছের আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) বেলা একটার দিকে রাজধানীর কাকরাইল মোড়ে প্রধান দুই দলের সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে। অভিযোগকারীরা জানান, দুপুর ১২টার দিকে কয়েকজন কর্মী বৈশাখী পরিবহনের একটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে গাজীপুর পরিবহনের আরেকটি বাসে ভাঙচুর চালায় আরও কয়েকজন।
এর আগে কাকরাইল মসজিদের সামনে একাধিক বাস ভাঙচুরের অভিযোগ আসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষের ঘটনা মোবাইলে লাইভ করছিলেন শেখ নাছের। সে সময় বিএনপি নেতাকর্মীরা তার ওপর হামলা চালান।
ঘটনার বর্ণনা দিয়ে সমকালের সাংবাদিক মামুন সোহাগ বলেন, ‘কাকরাইলে আমরা (সাংবাদিকরা) ফুটেজ সংগ্রহ করছিলাম। হঠাৎ করে একজন মধ্যবয়সী লোক, ৪০ বছর হবে, তাকে জিজ্ঞাসা করেন, ছোটভাই এখানে কী হচ্ছে। তিনি (শেখ নাছের) বললেন, এখানে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ হচ্ছে। আমরা লাইভ কাভারেজ দিচ্ছি। পর পরই কয়েকজনকে ডেকে নিয়ে আসে ওই লোক। সে তখন বলতে থাকে-অ্যাই ইত্তেফাকে বিএনপির বিপক্ষে নিউজ করা হচ্ছে।’
পুরো ঘটনা পরিকল্পনামাফিক ঘটানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি বলেও জানান তিনি।
