সমাবেশের সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজধানীর কাকরাইল মোড়, বিজয়নগর ও পল্টন এলাকায় ত্রিমুখী সংঘর্ষ, হামলা-পাল্টা হামলার ঘটনায় ইত্তেফাকের দুই সাংবাদিক আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত দুই সাংবাদিক হলেন-মাল্টিমিডিয়ার রিপোর্টার শেখ নাছের ও তানভীর আহাম্মেদ। দৈনিক বাংলা মোড়ে ফেসবুকে লাইভ চলাকালে তানভীরের ওপর হামলা করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কাকরাইল মোড়ে শেখ নাছেরের ওপর হামলা করা হয়। সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।
এ সময় তানভীরের সঙ্গে থাকা এবিসি নিউজের মুজাহিদ বলেন, ‘আমরা যখন একসঙ্গে লাইভ শুরু করি তখন মুখবাঁধা অবস্থায় কয়েকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তানভীরের হাতে-পায়ে ও পিঠে আঘাত করেন তারা। হামলার আগে তারা লাইভ বন্ধ করতে বলেন।’
শেখ নাছেরের ওপর হামলার ঘটনার বর্ণনা দিয়ে সমকালের সাংবাদিক মামুন সোহাগ বলেন, ‘কাকরাইলে আমরা (সাংবাদিকরা) ফুটেজ সংগ্রহ করছিলাম। হঠাৎ করে একজন মধ্যবয়সী লোক, ৪০ বছর হবে, তাকে জিজ্ঞাসা করেন-ছোটভাই এখানে কী হচ্ছে। তিনি (শেখ নাছের) বললেন, এখানে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ হচ্ছে। আমরা লাইভ কাভারেজ দিচ্ছি। পর পরই কয়েকজনকে ডেকে নিয়ে আসে ওই লোক। সে তখন বলতে থাকে-এই ইত্তেফাকে বিএনপির বিপক্ষে নিউজ করা হচ্ছে।’
উল্লেখ্য, ২০টি শর্ত দিয়ে আজ শনিবার ক্ষমতাসীন আওয়ামী লীগকে বায়তুল মোকাররম দক্ষিণ গেট এবং বিএনপিকে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদিন দুপুর ২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ শর্ত কার্যকর থাকবে বলে ডিএমপির পক্ষ থেকে বলা হয়।
