জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের ‘আজব ছেলে’ উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করেছেন মানিক মানবিক। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির প্রাথমিক নাম ছিল ‘অদ্ভুত ছেলে’। পরে মূল গল্পের নাম অনুসারে নাম বদলে রাখা হয়েছে ‘আজব ছেলে’। ১৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
নির্মাতা মানিক মানবিক বলেন, সিনেমার পুরো টিমের সবাই হৃদয় দিয়ে কাজটি করেছেন। গত বছর সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছি। এরপর মুক্তি নিয়ে নানা পরিকল্পনা সাজাই। সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ হয়েছে ১৭ নভেম্বর। আশা করছি, দর্শককে একটি মানবিক গল্প উপহার দিতে পারব।
‘আজব ছেলে’ সিনেমার অভিনেত্রী তাহমিনা অথৈ বলেন, এতে আমার চরিত্রের নাম মলি, বেশ বিচক্ষণ ও বুদ্ধিমতী মেয়ে। চেষ্টা করেছি, বাস্তবতার মিশেলে চরিত্রটিকে ফুটিয়ে তুলতে। সহশিল্পী হিসেবে তৌকির ভাইকে পেয়েছি। তার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখলাম, যা ভবিষ্যতে আমার অভিনয়কে সমৃদ্ধ করবে।
মুহম্মদ জাফর ইকবালের ছোট গল্প ‘আজব ছেলে’ অবলম্বনে নির্মিত শিশুতোষ এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন রিদওয়ান সিদ্দিকী। অন্যান্য চরিত্রে আছেন তৌকির আহমেদ, সাজু খাদেম, তাহমিনা অথৈ প্রমুখ।
পরিচালনার পাশাপাশি আজব ছেলের চিত্রনাট্যও লিখেছেন মানিক মানবিক। সংগীত পরিচালনায় সানী জোবায়ের। মুক্তি উপলক্ষে প্রকাশ করা হয়েছে ‘ফুল ফুটেছে’ গানের টিজার। গানে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা গোপ। নির্মাতা জানান, সিনেমাটির মুক্তি উপলক্ষে ৭ নভেম্বর সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে সিনেমাটি নিয়ে কথা বলবেন কলাকুশলীরা। পর্যায়ক্রমে প্রকাশ করা হবে টিজার, ট্রেলার ও গান।
এর আগে মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে নির্মত শিশুতোষ সিনেমা ‘দীপু নাম্বার টু’ ও ‘আমার বন্ধু রাশেদ’ দর্শকমনে দাগ কেটে আছে। এ ছাড়া এ বছর মুক্তি পেয়েছে তার ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস নিয়ে নির্মিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।
