মাহমুদউল্লাহকে দয়া করে ওপরে নিয়ে আসো: ওয়াসিম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৩:৪৭

ভারতে বিশ্বকাপ নিয়ে অনেক আশা ছিল বাংলাদেশ দলের। সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে দলের ক্রিকেটারদের দারুণ ছন্দে থাকা দেখে বড় স্বপ্ন নিয়ে বুক বেঁধে ছিল টাইগার সমর্থকরা। আসরের শুরুতেই আফগানিস্তানকে হারিয়ে প্রত্যাশার পারদ উঠেছিল আরও উঁচুতে। তবে এরপর মুখ থুবড়ে পড়েছে গোটা দল। এরপর ব্যাটিং ব্যর্থতার দায়ে টানা পাঁচ ম্যাচে হার। অধিনায়ক সাকিব আল হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিমসহ সবাই বিশ্বকাপে ব্যর্থ।

তবে সবার থেকে ব্যতিক্রম মাহমুদউল্লাহ রিয়াদ। যাকে বিশ্বকাপে আনবে কিনা তা নিয়েই আসর শুরুর আগে ছিল ধোঁয়াশা। কিন্তু তাকে ব্যাটিংয়ে নামানো হয় সবার শেষে। যখন কিনা দল অল্প রানেই সব ব্যাটারকে হারিয়ে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকে। তবে এমন সময় নেমেই এখন পর্যন্ত দলের সর্বোচ্চ রান তার। আসরের ৫ ম্যাচের চারটিতে ব্যাট করে ২১৮ রান করেছেন তিনি। দলের হয়ে আর কোনো ব্যাটার ২০০ করতে পারেননি। অথচ অভিজ্ঞ এই ব্যাটারের ব্যাটিং পজিশনটা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন। সবশেষ তো গত পরশু এক টিভি অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম অনুরোধই জানিয়ে বসলেন যে, ‘মাহমুদউল্লাহকে দয়া করে ওপরে নিয়ে আসো’।

ওয়াসিম আকরাম।

শনিবার কলকাতার ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তুলে নেওয়ার মাধ্যমে টাইগারদের সামনে পথ ছিল আসরের সেমিফাইনালে যাওয়ার পথ। তবে ডাচদের ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪২ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। এতে শেষ হয়ে যায় এবারের আসরে সেমিতে যাওয়ার পথ। এ ম্যাচের পর পাকিস্তানের টেলিভিশন চ্যানেলে স্পোর্টসের ‘দ্য প্যাভিলিয়ন’ অনুষ্ঠানে এক আলোচনায় ওয়াসিম আকরাম মাহমুদউল্লাহকে আরও আগে খেলানোর অনুরোধ করে বলেন, ‘মাহমুদউল্লাহকে দয়া করে ওপরে নিয়ে আসো। যখন আপনার মিডল অর্ডার ব্যর্থ, তখন প্রধান ব্যাটারকে চারে অথবা পাঁচে খেলান। জানি না এর পেছনে কারণ কী। আশা করি কেউ আমাকে ব্যাখ্যা করবেন কেন মাহমুদউল্লাহ ৭ নম্বরে। বিশেষ করে যদি শুরুতে ৩ উইকেট চলে যায়, তাহলে মাহমুদউল্লাহকে পাঠাও, সে এক প্রান্ত ধরে রাখবে। কিন্তু এসবের কিছুই ঘটেনি।’

এর আগে এতদিন ধরে ক্রিকেট খেলেও বাংলাদেশের কোনো উন্নতি হয়নি উল্লেখ করে ওয়াসিম আকরাম বলেন, ‘২০ বছরের বেশি সময় ধরে টেস্ট খেলছে বাংলাদেশ। এই সময়ে গড়পড়তা পারফরম্যান্সও করতে পারেনি। বিশ্বকাপের আগে তাদের অনেক সমস্যার কথা শুনেছি। এর পেছনের কারণ জানি না, কিন্তু দেশ সবার আগে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ এসব থাকবে পরে।’ এ সময় প্রতি বিশ্বকাপেই টাইগার একই চিত্র অবস্থা দেখা যায় উল্লেখ করে সমর্থকদের জন্য দুঃখ প্রকাশ করেন সাবেক এই পাক পেসার। বলেন, ‘বাংলাদেশের সমর্থকদের জন্য আমার খারাপ লাগে। (আমি) বলছি না তাদের বিশ্বকাপ জেতা উচিত। তবে অন্তত বড় দলগুলোর বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করা উচিত। (বাংলাদেশের) নতুন ব্যাটসম্যান খুঁজতে হবে। সবাই বসে সিদ্ধান্ত নেওয়া উচিত, কীভাবে প্রথম শ্রেণির ক্রিকেট হবে, কোন ধরনের উইকেটে হবে।’

ইত্তেফাক/জেডএইচ